নতুন চালুকৃত স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থায় নেটিং সুবিধা চালুর জন্য ট্রেকহোল্ডাররা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে দাবি জানিয়েছে। এর প্রেক্ষিতে নেটিং সুবিধা চালুর জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) প্রস্তাব দিতে পারে ডিএসই। ইতোমধ্যে ডিএসইর পক্ষ থেকে বিএসইসিকে মৌখিকভাবে এ বিষয়ে জানানো হয়েছে। বিএসইসি এ বিষয়ে লিখিত প্রস্তাব পাঠাতে বলেছে। ডিএসইর ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ দিকে, গত ১১ ডিসেম্বর স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালুর পর থেকে একই কোম্পানির শেয়ার এক দিনে কেনাবেচার সুবিধা (নেটিং) বন্ধ হয়ে যায়। কিন্তু এ সুবিধা চালুর দাবি জানিয়েছেন বিনিযোগকারীরা। গত ১৭ ডিসেম্বর বিকালে ব্রোকার অ্যাসোসিয়েশনের সঙ্গে ডিএসইর বৈঠকে ট্রেকহোল্ডারদের পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। ট্রেকহোল্ডাররা বলছেন, বাজারে লেনদেন বাড়াতে নেটিং সুবিধা চালু করা উচিত। এ ছাড়া, বিনিয়োগকারীদের সুবিধার্থে আগের মতো নতুন ব্যবস্থায়ও টিকার (লেনদেন সম্পন্ন হওয়ার চিহ্ন) সংযোজন করা প্রয়োজন। ডিএসই কর্তৃপক্ষ বলছে, ডিএসই এ বিষয়ে কাজ করবে। তবে চাইলেই এটা চালু করা সম্ভব নয়। বিএসইসিকে অবহিত করে তাদের অনুমোদন পেলেই তা চালু করা হবে।
এদিকে ব্রোকার অ্যাসোসিযেশনের পক্ষ থেকে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব নেটিং সুবিধা চালু করা উচিত। এতে বিনিয়োগকারীরা উপকৃত হবেন। তা ছাড়া নেটিং সুবিধা চালু করা হলে বাজারে লেনদেনের পরিমাণও বাড়বে। তাই এ বিষয়টি স্টক এক্সচেঞ্জ ও বিএসইসির উচিত গুরুত্ব সহকারে বিবেচনা করা।