উইলিয়ামসনের শতকে নিউজিল্যান্ডের জয়



উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ চতুর্থ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে সাত রানে পরাজিত করেছে নিউজিল্যান্ড। গত মঙ্গলবার পেশোয়ারে একটি স্কুলে তালেবান হামলায় ১৩২ ছাত্র-ছাত্রীসহ ১৪৮ ব্যক্তি নিহত হওয়ার পর স্থগিত করতে চাওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মাঠে নামে পাকিস্তান দল।
নিহতদের স্মরণে উভয় দলই ম্যাচ শুরুর আগে দুই মিনিট নিরবতা পালন করে ও কালো ব্যাজ ধারণ করে খেলতে নামে।

টস জয়ী নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে কেন উইলয়ামসনের ১২৩ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে। জবাবে প্রায় ছয় বছর পর ওয়ানডে ক্রিকেটে ইউনিস খানের প্রথম সেঞ্চুরির সুবাদে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান করে।

ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ব্যবধানে সমতা রেখে শুক্রবার একই মাঠে অঘোষিত ফাইনাল ও পঞ্চম ম্যাচে মাঠে নামবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড-২৯৯/৫ (৫০ ওভার, উইলিয়ামসন ১২৩, গাপটিল ৫৮, ইরফান ৫৩/২)
পাকিস্তান-২৯২/৮ (৫০ ওভার, ইউনিস ১০৩, আফ্রিদি ৪৯, ভেট্টরি ৫৩/৩)।