নাগেশ্বরীতে ২০ কেজি রুপাসহ আটক ২

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ২০ কেজি রুপাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের স্কুলেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আবু সাইদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ছোট দানা আকারের ২০ কেজি রুপাসহ ফুলবাড়ী থানার অনন্তপুর হাজীটারী গ্রামের ফারুক হোসেন (৩০) ও একই এলাকার নজরুল ইসলামকে (১৯)আটক করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
আটককৃতরা জানান, ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে ভারত থেকে আসা এসব রুপা তারা কুড়িগ্রামের এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন।