মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা মাটিলের মাঠ থেকে রাব্বি হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্র অপহৃত হয়েছে। রাব্বি কলেজ ছাত্র কুষ্টিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে উপজেলার ষোলটাকা গ্রামের মৎস্য চাষী জাহাঙ্গীর হোসেনের ছেলে। গত বুধবার দিবাগত রাত একটার দিকে তার বাবার মৎস ঘেড় থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।
জানা গেছে, এখন পর্যন্ত কে কারা তাকে অপহরণ করেছে এ ব্যাপারে তার পরিবার বা পুলিশ কিছুই জানতে পারেনি। এমনকি অপহরণকারীরা মুক্তিপণও চায়নি বলে জানান অপহৃতের বাবা জাহগাঙ্গীর হোসেন।
অপহৃতের বাবা জাহাঙ্গীর হোসেন জানান, ষোলটাকা মাটিলের মাঠে তার মৎস ঘেড়ে রাব্বি ও তার ফুফা দাউদ হোসেন ফকির পাহারা দিচ্ছিলেন। আানুমানিক রাত একটার দিকে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে দুই জনকে জিম্মি করে অপহরণ করে নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় কৌশলে দাউদ হোসেন পালিয়ে গেলেও রাব্বিকে তারা অপহরণ করে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃতকে উদ্ধারে অভিযান চলছে।