নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর গত ক‘দিন থেকে নগরীর বিভিন্ন এলাকায় বেশ তৎপর হয়ে উঠেছে। তারা তাদের লিফলেট বিলিসহ বাসা-বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে পোস্টার সেটে দিচ্ছে। এসব পোস্টারে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এরই প্রেক্ষিতে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা হিযবুতের সাঁটানো পোস্টারগুলো ছিড়ে ফেলে দিয়েছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কর্মীরা হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন ঝর্ণারপাড়, দাড়িয়াপাড়া, আম্বরখানা, বড় বাজার, লোহারপাড়া, কাজিটুলা, আগপাড়া, আখালিয়া, উপশহর, বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়ে দিয়েছে।
এ সব পোস্টারে লেখা রয়েছে, হে দেশবাসী! কোথায় সেই সেনা অফিসার যে বলবে, দেশবাসীর ওপর আর একটা গুলিও বরদাস্ত করা হবে না। এতে আরো লেখা রয়েছে সামরিক বাহিনীর নিষ্ঠাবান অফিসারদের নিকট শেখ হাসিনাকে অপসারণ করে দ্বিতীয় খিলাফতে রাশেদাহ রাষ্ট্র প্রতিষ্ঠায় হিযবুত তাহরীরের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি তুলুন। খিলাফত রাষ্ট্র বর্তমান জালিম শাসকদের মতো জনগণের শত্রু হয়ে নয় বরং জনগণের প্রতি শ্রদ্ধাশীল, সদয় এবং তাদের অভিভাবক হয়ে শাসন করবে। সিলেট এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন জানান, পুলিশ সতর্ক রয়েছে। নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা রয়েছে।