বাংলাদেশের শিশুসাহিত্য : মনন ও মনীষা
আহমাদ মাযহার
কথাপ্রকাশ
প্রচ্ছদ : ধ্রুব এষ। মূল্য : ২৫০ টাকা
আহমাদ মাযহার নিজে শিশুসাহিত্যের জগতে একজন সৃজনশীল লেখক হিসেবে পূর্বতন শতকের আশির দশক থেকে পুরোদমে সক্রিয়, আবার তখন থেকেই তিনি অনুসন্ধিত্সু আলোচক হিসেবে বাংলা শিশুসাহিত্যের চুলচেরা বিশ্লেষণও করে আসছেন পরম মমতায়। পাঁচ অংশে বিভক্ত এই নতুন প্রবন্ধ-সংকলন শিশুসাহিত্য-বিশ্লেষক হিসেবে তাঁর এই দক্ষতারই নবতম নিদর্শন। সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে বাংলা ভাষার শিশুসাহিত্যকে ব্যাখ্যা করবার প্রচেষ্টা বিদ্যমান এখানে; পাশাপাশি রয়েছে অতীত ও বর্তমানের কয়েকজন স্বল্প-আলোচিত কিংবা অতি পরিচিত শিশুসাহিত্যিকের লেখালিখি সম্পর্কে স্বতন্ত্রতর মূল্যায়ন। আছে কয়েকটি শিশুসাহিত্যগ্রন্থের আলোচনাও, যার ভেতর দিয়ে এর অন্তর্জগতের নানা খুঁটিনাটি বুঝে নেবার সুযোগ ঘটবে আমাদের।
বাঙালি সাহিত্যসমাজে শিশুসাহিত্যকে মূলধারার সাহিত্য থেকে বিচ্ছিন্ন করে দেখার যে প্রবণতা রয়েছে তার বিপদ সম্পর্কে লেখক আমাদের যেমন সতর্ক করেন তেমনি উপযুক্ত শিশুপাঠ্য পত্রিকার উপস্থিতি কী করে শিশুদের মনের যথাযথ বিকাশে সহায়ক হয় তা-ও সবিস্তারে তুলে ধরতে ভোলেন না।
এই বই পড়ে শিশুসাহিত্যিক এবং শিশুসাহিত্যের পাঠকেরা যেমন উপকৃত হবেন তেমনই শিশুদের শিক্ষা ও পাঠ্যক্রম নিয়ে যাঁরা চর্চা করেন তাঁরাও পাবেন মননের উপকরণ।