আগামী ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের আয়োজনের বিডিং নিয়ে দুর্নীতির তদন্ত প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এর আগে অভিযোগ ওঠে যে, আগামী দুই আসরের আয়োজকের মর্যাদা পাওয়ার জন্য রাশিয়া ও কাতারের সাথে দুর্নীতিতে জড়িয়েছিল ফিফার কিছু কর্মকর্তা। সূত্র: বিবিসি
অবশ্য ফিফা জানিয়েছে যে তদন্ত প্রতিবেদনে যাই থাকুক না কেন ২০১৮ এবং ২০২২ সালে রাশিয়া এবং কাতারেই বিশ্বকাপের আয়োজন বসবে।
ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার জানিয়েছেন যে তিনি নির্বাহী কমিটিকে রিপোর্টটি প্রকাশ করার পক্ষে ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন।
'সত্য প্রকাশের ব্যাপারে আমরা সব সময়ই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম'- বলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। এর আগে ইউয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি তদন্ত প্রতিবেদন প্রকাশ করার জন্য ফিফার প্রতি আহ্বান জানিয়েছিলেন।
রাশিয়া ও কাতারে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ঘুষের লেনদেন হয়েছে বলে প্রথম খবর দিয়েছিল বৃটেনের মিরর প্রত্রিকা। এরপর ফিফা সভাপতি সেপ ব্লাটারসহ সংস্থার অন্য সদস্যরা ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ওই দুই দেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কাও দেখা দেয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র আয়োজক হওয়ার জন্যে নিজেদের আগ্রহের কথা জানিয়েছিল।