বগুড়ায় বিএনপির হরতালে শনিবার সকালে শহরের বেশ কয়েকটি স্থানে যানবাহন ভাংচুর এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হরতাল সমর্থকরা। কারাগারে আটক সদর থানা বিএনপির সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বগুড়ায় অর্ধদিবস হরতালের ডাক দেয় জেলা বিএনপি।
শনিবার সাপ্তাহিক বন্ধের দিন থাকায় এমনিতেই অফিস আদালত বন্ধ। বন্ধের দিনে হরতাল ডাকায় সাধারণ মানুষের ওপর এর তেমন একটা প্রভাব পড়েনি।
পুলিশ জানায়, শহরের সাবগ্রাম এলাকায় পিকেটাররা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এছাড়া বনানী এলাকায় বেশ কয়েকটি সিএনজি অটো রিক্সা ভাংচুর করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের পুলিশের টহল চলছে। শহরের মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়ে আছে।
বগুড়া থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এদিকে হরতালের কারণে শহরে সকাল থেকে যানবাহন কম চললেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সকাল ৯টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন স্থানে পুলিশ টহলে রয়েছে।
এদিকে হরতালের আগের দিন শুক্রবার সন্ধ্যার পর শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে এবং নারুলী এলাকায় ৪টি ককটেল বিস্ফোরিত হয়।
উল্লেখ্য, বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ অঙ্গসংগঠনের ৫ নেতাকে বিস্ফোরকদ্রব্য মামলায় বগুড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে জেলা বিএনপি শনিবার জেলায় আধাবেলা হরতাল আহ্বান করে।