বরিশালের গৌরনদী উপজেলায় একই পরিবারের পাঁচ জনকে অজ্ঞান করে সর্বস্ত্র লুট করে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। শুক্রবার উপজেলার উত্তর সরিকল গ্রামের এ ঘটনায় রাতেই পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ওই গ্রামের ব্যবসায়ী লতিফ সরদারের ঘরের রাতের খাবারে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা। এ খাবার খেয়ে রাতে ওই পরিবারের পাঁচ সদস্য অজ্ঞান হয়ে যায়। এ সুযোগে রাত বারোটার দিকে দুস্কৃতিকারীরা ওই ঘর প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে ডাকচিৎকার করতে থাকেন। এ সময় দুষ্কৃতিকারীদের এক জন শহীদ মোল্লাকে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন। শহীদ পাশ্ববর্তী শোলক গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী মূমুর্ষূ অবস্থায় গৃহকর্তা লতিফ সরদার (৬৫), বাবুল সরদার (৩২), জাকির হোসেন (২৪), কলি বেগম (২৮), হৃদয়কে (৮) প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।