ফেলপসের কারাদণ্ড

 

 


মাতাল অবস্থায় মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অপরাধে যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু মাইকেল ফেলপসকে এক বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও ১৮টি অলিম্পিক সোনার মালিক ফেলপসকে আগামী ১৮ মাস নজরদারিতে রাখা হবে। এর মধ্যে মদ ছুঁতে পারবেন না তিনি।

গত সেপ্টেম্বরে ম্যারিল্যান্ডের বাল্টিমোরে মদ খেয়ে মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন ফেলপস। এ সময় তার গাড়ির গতি ছিল ঘণ্টায় ৮৪ মাইল। অথচ তিনি গাড়ি চালাচ্ছিলেন ঘণ্টায় ৪৫ মাইল গতিসীমার লেনে। তার শরীরে অ্যালকোহলের মাত্রাও ছিল বৈধ সীমার প্রায় দ্বিগুণ।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের সাঁতার কর্তৃপক্ষ ফেলপসকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না তিনি। তবে অনুশীলন চালিয়ে যেতে কোনো সমস্যা হবে না তার।

২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত অলিম্পিকে ২২টি পদক জেতেন ফেলপস, যার ১৮টিই সোনার। লন্ডন অলিম্পিকের পর অবসর নেয়া ফেলপস আড়াই বছর পর এ বছরের শুরুর দিকে আবার পুলে ফেরেন।