বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল: প্রথম তিনদিন ঢাকায় এরপর সিলেটে

 
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের দুই গ্রুপের খেলা সিলেট এবং ঢাকায় হওয়ার কথা রয়েছে। আগেই বলা হয়েছিল ছয় দল নিয়ে দুটি গ্রুপের মধ্যে একটি ঢাকায় অন্যটি সিলেটে অনুষ্ঠিত হবে। সেই সাথে একদিন ঢাকায় একদিন সিলেটে খেলা হবে। কিন্তু এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুরুতেই ঢাকায় খেলা আয়োজন করতে চায়। তারপর সিলেটে খেলতে যাবে দলগুলো। সেখানে প্রথম সেমিফাইনাল হয়ে গেলে ঢাকায় এসে দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে। টিভি সম্প্রচারের সুবিধার্থেই এটি করা প্রয়োজন বলে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন।
বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন আগামী ১৬, ১৭, ১৮ জানুয়ারি ঢাকায় এবং ১৯, ২০, ২১ জানুয়ারী সিলেটে হবে টুর্নামেন্টের খেলাগুলো। ২২ জানুয়ারি বিরতি, ২৩ জানুয়ারি সিলেটে প্রথম সেমিফাইনাল এবং ২৪ জানুয়ারি ঢাকায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। টিভি সম্প্রচারের জন্য এমন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায় বাফুফে।
টুর্নামেন্টের এমন ফরমেশন হলে উদ্বোধন এবং ফাইনাল, দু’টোই ঢাকায় অনুষ্ঠিত হবে। জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে সব কিছু চূড়ান্ত করবে বাফুফে।
টুর্নামেন্ট অংশগ্রহণের জন্য মালদ্বীপকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। বাহরাইনের সাথে মৌখিকভাবে আলোচনা হয়ে আছে বাফুফের। আর মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলার কথা জানিয়ে রেখেছে বাফুফেকে।
টুর্নামেন্টের সব ব্যয় বাংলাদেশের। অংশগ্রহনকারি দলগুলো বাংলাদেশের খরচে আসবে। টুর্নামেন্ট চলাকালীন দলগুলোর ব্যয় বাংলাদেশকে বহন করতে হবে। প্রায় ৬ কোটি টাকা ব্যয় হবে বলে ধারণা করছে বাফুফে।
ম্যাচ পরিচালনার জন্য এএফসির সাথে যোগাযোগ করা হয়েছে। তারা রেফারীজ প্যানেল পাঠাবে। আর বাংলাদেশ থেকে দু’জন রেফারিকে নেয়া হতে পারে।