বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন সরদার আমজাদ

রাজশাহীর বাগমারায় পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, সাবেকমন্ত্রী ও রাকসুর সাবেক জিএস সরদার আমজাদ হোসেন। গতকাল শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যদায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হেলিকপ্টারযোগে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুত্সা (আলোকনগর) গ্রামে। বিকেল চারটায় হামিরকুত্সা উচ্চবিদ্যালয় মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে গ্রামের মসজিদ সংলগ্ন পিতা মোহাম্মদ আলী সরদারের কবরের পাশে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় রাজশাহী অঞ্চলের মুক্তিযোদ্ধা, বর্তমান ও সাবেক সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সরদার আমজাদ হোসেন ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন।