লা লিগায় লুইস সুয়ারেস আর লিওনেল মেসির জোড়া গোলে বছরের শেষ ম্যাচে জয় পেল স্পেনের বার্সেলোনা। শনিবার নবাগত করদোভাকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বাকি গোল দু’টি করেন পেদ্রো ও জেরার্দ পিকে।
নিজেদের মাঠ কাম্প নউয়ে ম্যাচ শুরু হওয়ার পর দেড় মিনিটের মাথায় পেদ্রোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নেইমারের বদলে খেলতে নেমেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও একের পর এক আক্রমণ করতে থাকে বার্সেলোনা। এর সুফলও পায় তারা। ৫৩তম মিনিটে লা লিগায় গোলের খাতা খোলেন সুয়ারেস। ৮০তম মিনিটে বদলি হিসেবে নামা চাভির ফ্রি-কিকে লাফিয়ে উঠে হেডে গোল করেন পিকে। এর দুই মিনিট পর গোল করেন মেসি। কর্নার থেকে ডি বক্সে বল পেয়ে গোলটি করেন তিনি। এরপর দলের জন্য আরেকটি গোল আসে মেসির পা থেকে। ডি বক্সের ভেতর আলবার ক্রস থেকে বাঁ-পায়ে বল নামিয়ে প্রায় নব্বই ডিগ্রি ঘুরে ডান পায়ে দারুণ গোলটি করেন তিনি।
এবারের লা লিগায় মেসির এটা পঞ্চদশ গোল। ২৫ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট হলো বার্সেলোনার। তার চেয়ে এক পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।