শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় অস্ত্রধারী এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। গতকাল শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আখালিয়া নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মীর নাম মোশাররফ হোসেন রাজু (২১)। সে বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা গ্রামের বড় পাটোয়ারি বাড়ির বাসিন্দা হেদায়েত উল্লার পুত্র।
পুলিশ জানায়, গত ২০ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে ছাত্রলীগ কর্মী মোশাররফ হোসেন রাজুকে গ্রেফতার করা হয়েছে। সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পার্থ গ্রুপের রাজনীতির সাথে জড়িত। পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০ নভেম্বর শাবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সুমন দাস নামের এক বহিরাগত ছাত্রলীগ কর্মী নিহত হয়। এর পর থেকেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।