ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে মরোক্কোতে আর্জেন্টাইন দল সান লরেন্সোকে ২-০ গোল হারিয়ে প্রথবারের মতো এই কাপটি জিতল কার্লো আনচেলত্তির দল।
এবারের কাব বিশ্বকাপের মুকুটটা নিজেদের করে নিলেও বেশ ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। প্রথম গোলের জন্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দলটিকে। জার্মানির মিডফিল্ডার টনি ক্রুসের কর্নারে হেড করে গোলটি করেন স্পেনের রামোস। এরপর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পাওয়া যায়নি।
বিরতির পর লরেন্সোর গোলরকের ভুলে দ্বিতীয় গোল পায় রিয়াল। ম্যাচের ৫১তম মিনিটে স্পেনের মিডফিল্ডার ইসকোর পাস পেয়ে ডি বক্সের মধ্যে থেকে শট নেন বেল। এটি শট ঠেকাতে ডান দিকে ঝাঁপিয়ে পড়েন সান লরেন্সোর গোলরক সেবাস্তিয়ান তোরিকো। কিন্তু তার হাতের নিচ দিয়ে বল জালে জড়িয়ে যায়। এরপর আর কোনো সুযোগ তৈরি করতে না পারলেরও শিরোপাটা নিজেদের করে নেয় আনচেলত্তির দল।
এই ম্যাচে জয়ের ফলে টানা ২১তম জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ।