বোরহানউদ্দিনে ছাদ থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু




ভোলার বোরহানউদ্দিনে নির্মিতব্য তিন তলা স্কুল ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ সেলিম খান (৩৫) নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার উদয়পুরের বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। সেলিম খানের বাড়ি ময়মনসিংহ সদরের সুতিয়াখালির বড় বিলার পাড় গ্রামে। তিনি আইডিবি’র (ইসলামী ডেভলোপমেন্ট ব্যাংক) জেড-৩-৪৮৬ প্রজেক্টে সহকারী আবাসিক প্রকৌশলী পদে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী নিহতের সহকর্মী বোরহানউদ্দিন এরিয়া ম্যানেজার মো. সোহেল ও কোয়ান্টিটি সার্ভেয়ার আনিছুর রহমান জানান, সহকারী আবাসিক প্রকৌশলী সেলিম খান তাদের নিয়ে ছাদে উঠে বিভিন্ন অংশের কাজ দেখাচ্ছিলেন। তিনি আঙ্গুল উঁচিয়ে আশ-পাশের বর্ননা দিচ্ছিলেন। এ সময় এগোতে এগোতে ছাদের কার্নিশে চলে গেলে সেলিম খান পা পিছলে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রজেক্টের অফিস ম্যানেজার কামাল হোসেন জানান, নিহতের স্বজন ও কতৃপক্ষকে সবকিছু জানানো হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য প.প. কর্মকর্তা ও আবাসিক চিকিত্সক জহিরুল ইসলাম জানান, সেলিম খানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা নেয়া হচ্ছে।