প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে তৃতীয়বারের মতো অনাস্থা ভোটের আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এ লক্ষ্যে রবিবার সর্বদলীয় বৈঠক করেছেন তিনি।
কয়েকদিনের মধ্যে পার্লামেন্টের অনাস্থা ভোটে দুই বার পরাজিত হয়েছেন রাজাপাকসে, যাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সিরিসেনা। এই রাজাপাকসের বিষয়েই আলোচনা করতেই সব দলের নেতাদের ওই বৈঠকে ডেকেছিলেন সিরিসেনা। সিরিসেনার অনুগত পার্লামেন্ট সদস্যরা জানিয়েছেন, শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় অনাস্থা ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী হিসেবে রাজাপাকসের নিয়োগ পার্লামেন্টে পর পর দুইবার প্রত্যাখ্যাত হওয়ায় প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসার চেষ্টা করতে থাকা রনিল বিক্রমসিংহের অবস্থান শক্তিশালী হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে এক বিবৃতিতে সিরিসেনার দপ্তর বলেছে, ‘সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের বিষয়ে সিদ্ধান্তের জন্য নাম ডেকে ও ইলেকট্রনিক বোর্ডে প্রদর্শনের মাধ্যমে ভোট নেওয়া হোক, এমনটি চান প্রেসিডেন্ট।’
শুক্রবার অনাস্থা ভোট নেওয়ার সময় শ্রীলঙ্কার পার্লামেন্টে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। রাজাপাকসেকে সমর্থনকারী আইনপ্রতিনিধিরা অনাস্থা ভোটে বাধা দিতে স্পিকারের দিকে বই, বাটামরিচ, পানির বোতল ও চেয়ার ছুড়ে মারে। সিরিসেনার দপ্তর জানিয়েছে, সোমবার কার্যক্রম শুরু হওয়ার সময় পার্লামেন্টের নিয়মকানুন মেনে চলার বিষয়ে রোববারের বৈঠকে একমত হয়েছেন সব দলের নেতারা।