যশোরের মণিরামপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌকা ডুবে মৌসুমী নামে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই নৌকায় আরো ২৪ পরীক্ষার্থীসহ ৩০ জন যাত্রী ছিল। বাকিরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও ডুবে যায় মৌসুমী। মঙ্গলবার সকালে পারখাজুরা বাওড়ে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
মৌসুমি উপজেলার পারখাজুরা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। সে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছিলো।
নৌকায় থাকা একই মাদরাসার শিক্ষার্থী ফয়সাল জানায়, বাঁওড়ের মাঝখানে পৌঁছালে হঠাৎ দমকা হাওয়ায় নৌকা উল্টে যায়। এ সময় যে যার মতো সাঁতরে পাড়ে ওঠে। কিন্তু মৌসুমি বাওড়ের পানিতে ডুবে যায়।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে বাওড়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। পরে খুলনা থেকে আরো পাঁচজন ডুবুরি উদ্ধারে কাজে যোগ দেন। যৌথ অভিযানের প্রায় দুই ঘণ্টা পর মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়।
আরো পড়ুন: দেশের বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি
পারখাজুরা সিদ্দীকিয়া দাখিল মাদরাসা সুপার একেএম সিফাতুল্লাহ জানান, নৌকায় ডুবির ঘটনার বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।
ইত্তেফাক/অনি