ইরাকে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা: রাষ্ট্রদূত

 
বাংলাদেশ নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত শাকির কাসেম মাহদী আল কাফফাক বলেছেন, গুণগত মান ও সাশ্রয়ী মূল্যের কারণে তার দেশে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক না থাকার কারণে ইরাক সরাসরি বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে পারছেন না। তিনি ইরাকে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক প্রবেশ সুবিধার কথা তুলে ধরে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিশ্চিতকরণ ও তা বৃদ্ধির ব্যাপারে বাংলাদেশ সরকার ও ব্যবসায়ী সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।
রবিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সাথে সৌজন্য বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।                                        
বৈঠকে চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, প্রকৃতি প্রদত্ত বন্দর এবং ভৌগোলিক অবস্থানগত কারণে আন্তর্জাতিক পরিমন্ডলে সরাসরি যোগাযোগের সুবিধা, আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম।
 তিনি বাংলাদেশের জনশক্তিকে দক্ষ ও বিশ্বস্ত উল্লেখ করে ইরাকের পুনর্গঠন কাজে অধিক পরিমাণে বাংলাদেশী শ্রমিক নিয়োগের জন্য রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান।
এছাড়া চেম্বার সভাপতি পোশাক, ঔষধ, সিরামিকস্, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া ও চিংড়িসহ বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্য ইরাকের বাজারে অবাধ ও শুল্কমুক্তভাবে প্রবেশ নিশ্চিত করে ভ্রাতৃপ্রতিম দু’দেশের মাঝে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ়করণে রাষ্ট্রদূতের ব্যক্তিগত উদ্যোগ কামনা করেন।