কক্সবাজারের রামু উপজেলার চেয়ারম্যান পদের উপ-নির্বাচন রবিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী হিসাবে মোটর সাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন রামু উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম। তিনি পেয়েছেন ৪০ হাজার ১২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরীর ছেলে মেরাজ আহমেদ চৌধুরী মাহিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৮০২ ভোট। এছাড়া জামায়াতের রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ১১৭ ভোট।
এদিকে নির্বাচনের এ ফলাফল প্রত্যাখান করেছে বিএনপি। রবিবার রাত ৮টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তোলা হয় এবং ঘটনার প্রতিবাদে আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়।