চৌদ্দগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দেলোয়ার হোসেন (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এ ঘটনা ঘটে। দেলোয়ার উপজেলার শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শহিদ উল্যাহর ছেলে। পুলিশ সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি রক্তমাখা ব্লেড উদ্ধার করা হয়েছে।
পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, রাত ১২টার দিকে দেলোয়ার পাশ্ববর্তী বাঙ্গড্ডা বাজারে কাবাডি খেলা দেখে বাড়ি ফিরে। এরপর তিনি তার ঘরে ঘুমিয়ে পড়েন। সোমবার সকাল সাড়ে ১০টায় পাশের ঘরের মোহন মিয়া ওই ঘরের দরজা খোলা দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলে মেঝেতে দেলোয়ারের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিয়ে কেঁদে উঠলে দেলোয়ারের পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে হত্যাকাণ্ডের কারণ কেউ জানাতে পারেনি।
ঘটনাস্থলে থানার এসআই  সামছুদ্দিন মো. ইলিয়াছ জানান, দেলোয়ারের মাথা ও গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ব্লেড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে’।