ইন্টারকে রুখে দিয়ে তৃতীয় অবস্থানে ল্যাজিও



ইন্টার মিলানের বিপক্ষে রবিবার অনুষ্ঠিত এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক দলের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে ওঠে এসেছে ল্যাজিও। ম্যাচের প্রথমার্ধে ফিলিপ এন্ডারসনের পর পর দুটি গোলই সিরি এ লিগের সফরকারী দলের পয়েন্ট ভাগাভাগিতে যথেষ্ঠ ছিল।

এর ফলে আরো বেশী চাপের মধ্যে পড়ে গেলেন ইন্টার কোচ রবার্তো মানচিনি। কারণ তার কর্তৃত্বে দলটি ছয় ম্যাচে অংশ নিয়ে একটি মাত্র ম্যাচে জয় লাভ করেছে, তাও আবার গত সপ্তাহে। কিন্তু রবিবার সানসিরোতে আরো একটি বাজে খেলার সূচনা করে মানচিনির শীষ্যরা। এ সময় স্বাগতিক দলের মনোবল চুরমার করে দেন এন্ডারসন একাই। কারন ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই তিনি আদায় করে নেন প্রথম গোলটি।

গত সপ্তাহে সিরি এ লীগে গোল খরা থেকে মুক্তি পাওয়া এন্ডারসন কোনাকুনি শটের সাহায্যে পরাস্ত করেন ইন্টারের গোল রক্ষক সামির হান্ডানোভিচকে। বক্সের মধ্যেই তাকে বলটির যোগান দিয়েছিলেন স্টেফান রাডু। ব্রাজিলিয় ওই তারকা ফের তৃপ্তির ঢেকুর তোলেন যখন প্রথমার্ধের খেলা শেষ হবার কয়েক মিনিট আগে প্রতিপক্ষের অফসাইড ফাঁদকে ফাকি দিয়ে দ্বিতীয় গোলটি করেন। প্রায় মধ্যমাঠ থেকেই বল নিয়ে তিনি প্রতিপক্ষের গোলপোস্টে ঢুকে পড়েন এবং পোস্টের খুব কাছ থেকেই বলে শট নিয়ে তিনি ফের পরাস্ত করেন ইন্টার গোল রক্ষক হান্ডানোভিচকে।
প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থেকে বিরতীতে গেলেও দ্বিতীয়ার্ধের খেলায় মাঠে নেমে দারুনভাবে উজ্জীবিত হয়ে ওঠে স্বাগতিক দলের খেলোয়াড়রা। ফলে দুটি গোলই শোধ দিয়ে দেয় ইন্টার মিলানের খেলোয়াড়রা। ম্যাচের ৬৬তম মিনিটে প্রথম গোলটি পরিশোধ করেন ক্রোয়েশীয় তারকা মাতেও কোভাসিস। ভলির সাহায্যে প্রতিপক্ষের গোল রক্ষক মার্চেত্তিকে বোকা বানিয়ে জালে বল পাচার করেন তিনি। ম্যাচের ৮০ তম মিনিটে অপর গোলটি পরিশোধ করেন আর্জেন্টাইন ফুটবলার রড্রিগো প্যালাসিও। ফেড্রিকো বোনাজোলির করা ফ্রি কীকের বল দানিয়ালো ডি’আম্বোসিওর পা ঘুরে প্রতিপক্ষের গোল পোস্টের খুব কাছে নিয়ন্ত্রনে পাবার পর সেটিকে গোলে পরিণত করেন প্যালাসিও। ফলে সমতা ফিরে পায় ইন্টার মিলান।
ওই ম্যাচের পর নাপোলির সমান ২৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে ওঠে এসেছে ১৬ ম্যাচে অংশ নেয়া ল্যাজিও। সামন সংখ্যক ম্যচ থেকে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে তালিকার শীর্ষে রয়েছে জুভেন্টাস। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রোমা। ১৬ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৫টিতে জয়, ৬টিতে ড্র এবং ৫টিতে পরাজয়ের ফলে সর্বমোট ২১ পয়েন্ট নিয়ে তালিকার ১১তম অবস্থানে রয়েছে রবার্তো মানচিনির ইন্টার মিলান। খবর বাসসের।