ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার শচিন টেন্ডুলকারকে ২০১৫ আইসিসি বিশ্বকাপের দূত হিসেবে ঘোষণা দিয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপের পর এক নাগাড়ে দ্বিতীয়বার আইসিসি’র সর্ববৃহৎ আসরের দূত হলেন টেন্ডুলকার।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অনুষ্ঠিতব্য বিশ্বের তৃতীয় বৃহৎ এ ক্রীড়াযজ্ঞের আইসিসি’র নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রচারণা ও সমর্থনে ২০১৫ বিশ্বকাপের দূত হিসেবে কাজ করবেন তিনি। সম্মানজনক এ পদে নিয়োগ পেয়ে টেন্ডুলকার বলেন, ‘এক নাগাড়ে দ্বিতীয় বার আইসিসি বিশ্বকাপের দূত নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’
‘গত ছয়টি আসরে অংশ নেয়ার পর আসন্ন বিশ্বকাপ আমি সাউড লাইনে বসে উপভোগ করব। তাই এটা আমার জন্য হবে ভিন্ন ধর্মী একটি অভিজ্ঞতা। এটা ১৯৮৭ বিশ্বকাপের সঙ্গে তুলনা করা যেতে পারে। কেননা সে আসরে বল বয় হিসেবে আমি প্রতিটি বলেই গলা ফাটিয়েছিলাম।
‘প্রতিটি নতুন আসরেই বিশ্বকাপের নতুন উন্মাদনা সৃষ্টি হয় এবং এ বছরের আয়োজক দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রীড়া সংস্কৃতি,সমৃদ্ধ ক্রিকেট সুবিধাদি এবং জ্ঞানসম্পন্ন দর্শকের জন্য সু-পরিচিত। প্রত্যেক আন্তর্জাতিক ক্রিকেটাররই স্বপ্ন থাকে বিশ্বকাপ শিরোপা স্পর্শ করা এবং এ টুর্নামেন্টে ব্যক্তিগত সেরা নৈপুণ্য ও প্রতিযোগিতামূলক দলগুলোকে বের করে আনে।’
আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেন, ‘আইসিসি তার সর্ববৃহৎ ও সবচেয়ে মর্যাদার এ টুর্নামেন্টে আবারো একবার দূত হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত আইসিসি। শচিন কেবলমাত্র ক্রিকেটারদের জন্যই নন, তার সততা, মেধা, ব্যক্তিত্ব ও অঙ্গীকারের জন্য ক্রীড়াঙ্গনের সকল ব্যক্তির জন্যই একজন উদ্বুদ্ধকারী ব্যক্তি।’