ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী বাজার এলাকায় বাস চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটে সোমবার বিকেল তিনটার দিকে। বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার পরে মহসড়কটির দুই পাশে কয়েকশ’ যান আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টার পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
ফরিদপুরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট তুহিন লস্কর জানান, ঢাকা থেকে খুলনাগামী এ কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৪৩৯) এর সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের সামনের বাম্পারে আটকে যায়। একটি মরদেহ বাসের ভেতরের অংশে আটকে ছিল। পরে পুলিশ রেকার দিয়ে সড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরানো ও নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত দুইজন হলেন, ফরিদপুর শহরের খাবাসপুর এলাকার মশিউর রহমান রোমান ও তার খালতো ভাই মো. জনি। এরা মটরসাইকেল যোগে ফরিদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন।