ঝালকাঠির নলছিটি, ফরিদপুর, দিনাজপুরের বীরগঞ্জ ও নোয়াখালীর সেনবাগসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল দুই দিনে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন।
ঝালকাঠির নলছিটি সংবাদদাতা জানান, উপজেলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গতকাল সোমবার বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ভৈরবপাশা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক মোস্তফা শরীফ (৪৫) ও যাত্রী মাহফুজা বেগম (২০)। পুলিশ খবর পেয়ে ঝালকাঠির পেট্রোল পাম্প মোড়ে বেরিকেট দিয়ে বাসও চালককে আটক করেছে। নলছিটি থানার ওসি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী বাজার এলাকায় বাস চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গতকাল বিকেলে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে। ফরিদপুরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশ রেকার দিয়ে সড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত দু’জন হলেন, ফরিদপুর শহরের খাবাসপুর এলাকার মশিউর রহমান রোমান ও তার খালতো ভাই মো. জনি।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, গতকাল মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মো. হুমায়ন কবির (২৪) নিহত ও তার অপর দুই মোটরসাইকেল আরোহী সঙ্গী গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত হুমায়ন কবিরের বাড়ি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে।
দিনাজপুরের স্টাফ রিপোর্টার জানান, জেলায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় কুলির সর্দার নিহত হয়েছেন। বীরগঞ্জ উপজেলার হাড়িপাড়ায় গত রবিবার আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাকে থাকা কুলির সর্দার মোঃ ফারুক হোসেন (৩৩) গুরুতরভাবে আহত হন। আহত ফারুক গতকাল দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আহত তিন শ্রমিকদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।