নৈশকোচ ও যানবাহানে ফিল্মি স্টাইলে গণডাকাতি

জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের উথলী মোল্লাবাড়ির জামতলা নামক স্থানে রাস্তায় গাছ ফেলে বেরিক্যাড দিয়ে নৈশকোচসহ প্রায় ২০টি যানবাহনে গণডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাদল বেশ কয়েকটি নৈশকোচ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ প্রায় পাঁচ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পালিয়ে যায়। সোমবার রাতে ফিল্মি স্টাইলের এ ডাকাতির ঘটনা ঘটে। 
নাম প্রকাশে অনিচ্ছুক উথলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য জানান, রাত আনুমানিক ১১টার দিকে সশস্ত্র ডাকাতদল ওই সড়কের পাশের গাছ কেটে রাস্তার উপর ফেলে বেরিক্যাড দেয়। ঢাকা থেকে আসা নৈশকোচসহ অন্যান্য যানবাহন যাতায়াতকালে ডাকাতদলের বেরিক্যাডে আটকা পড়ে। এ সময় থানায় ফোন করা হলে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাদল পালিয়ে যায়।
নৈশকোচ জেআর পরিবহনের সুপারভাইজার ফারুক জানান, নৈশকোচের গেট খুলতে অস্বীকৃতি জানালে ডাকাতদল বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর করে। তারা এসময় আনুমানিক ২০টি যানবাহনে ডাকাতি করে। যাত্রীদের নিকট থেকে টাকা, অলংকার ও মোবাইলসেটসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।