ময়মনসিংহে পৃথক মামলায় জেএমবির সাত সদস্যকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ২ নম্বর আমলী আদালতের বিচারক মেহনাজ সিদ্দিকী এই আদেশ দেন।
পুলিশ জানায়, ফুলবাড়িয়া থানার বিস্ফোরক মামলার আসামি জেএমবি সদস্য আব্দুল বারেক মুন্সী, তৌহিদুজ্জামান আবু, আব্দুল হান্নান, মো. টুয়েল ও তাজামুল হককে আদালতে হাজির করা হলে তাদের জেল হাজতে পাঠানো হয়। একই আদালতে মুক্তাগাছা থানার বিস্ফোরক মামলার আসামি গরীবুলাহ আকন্দ ও মোহাম্মদ আলী মাস্টারকে হাজির করা হলে তাদেরও জেল হাজতে পাঠানো নির্দেশ দেয় আদালত।
কোর্ট পরিদর্শক শহীদ শুকরানা জানান, এই আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের বিরুদ্ধে ৭দিন করে রিমান্ড প্রার্থনা করেছে সংশিষ্ট থানা পুলিশ। তবে রিমান্ড শুনানির দিন এখনো ধার্য্য করেনি আদালত।