দোহায় অনুষ্ঠিত ফাইনালে পেনাল্টিতে জুভেন্টাসকে ৬-৫ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছে ইতালিয়ান কাপ বিজয়ী নাপোলি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হওয়ার পরে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়।
গত আগস্টে নাপোলি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যাচ থাকায় ম্যাচের সূচী পরিবর্তন করে ডিসেম্বরে নতুন তারিখ নির্ধারণ করা হয়। সিরি-আ চ্যাম্পিয়নদের পক্ষে আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজের পাঁচ মিনিটের গোলের পরে গঞ্জালো হিগুয়েইনের ৬৮ মিনিটের সমতায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ে নিজ নিজ দলের পক্ষে এই দুই আর্জেন্টাইন তারকা আবারো দুই গোল করলে ম্যাচের ফলাফলের জন্য স্পট কিকের প্রয়োজন হয়। উভয় দলই প্রথম কিক থেকে গোল করতে ব্যর্থ হয়। জোরগিনহোর শট জুভেন্টাসের গোলরক্ষক গিয়ানলুইগি বুফন রক্ষা করলেও তেভেজের শট ডান পোস্টে লেগে ফেরত আসে। জুভেন্টাসের তরুণ স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার গোলে ৪-৪ এ সমতা আসার পরে সাডেন ডেথে বুফন ড্রিয়েস মেরটেনসের এবং নাপোলি গোলরক্ষক রাফায়েল গিওর্গিও চিয়েলিনির শট আটকে দিয়ে ম্যাচকে আরো নাটকীয় করে তুলেন। এরপর জুভ গোলরক্ষক হোসে ক্যালেয়নের শট আটকে দিয়ে তার দলকে কিছুটা এগিয়ে রাখলেও রবার্তো পেরেইরা বারের উপর দিয়ে বল বাইরে পাঠান। কালিডো কোলিবেলি এরপর গোল করলে ৬-৫ এগিয়ে যায় নাপোলি। রাফায়েল দুর্দান্ত দক্ষতায় সিমোনে পাডোয়িনের শট আটকে দিয়ে দলের শিরোপা নিশ্চিত করেন।
ক্যারিয়ারে ১২তম শিরোপা নিশ্চিত করার করার পরে নাপোলি কোচ রাফায়েল বেনিতেজ বলেছেন, আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। এটা সত্যিকার অর্থেই অন্যরকম এক অনুভূতি কারণ প্রতিপক্ষ জুভেন্টাসের মতো শক্তিশালী একটি দল। আমরা এই শিরোপাটি ভক্তদের জন্য উৎস্বর্গ করতে চাই যারা নাপোলি থেকে এখানে এসেছে এবং দেশেও যারা আছে। খেলোয়াড়রা সবাই ভাল খেলেছে, আক্রমণভাগে হিগুয়েইন পার্থক্য গড়ে দিয়েছে, ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে রাফায়েল।
এদিকে জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, এই ফলাফল লজ্জাজনক। আমরা বেশ খোলামেলা ম্যাচ খেলেছি। কিন্তু জয় নিয়ে বাড়ি ফিরে যেতে পারলাম না।