জয়ের বিকল্প দেখছে না ভারত

 
 
সিরিজের বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সফরকারী ভারতের সামনে। এমন সমীকরণ সামনে রেখেই শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে(এমসিজি) বক্সিং ডে’তে তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। এডিলেড এবং ব্রিজবেনে পরাজয়ের পর চার টেস্টের সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে মহেন্দ্র সিং ধোনির দল এবং গত ২৩ বছরে এমসিজিতে পাঁচ টেস্টের সব ম্যাচেই পরাজিত হয়েছে।
 
তবে চলতি সিরিজে খুব ভাল প্রতিদ্বন্দ্বিতা করেছে ভারত। উভয় ম্যাচেই তারা দ্বিতীয় ইনিংসে হঠাত্ বিপর্যয়ে পড়ে। এডিলেডে ভারত মাত্র ৭৩ রানে নিজেদের শেষ সাত উইকেট হারিয়ে ৪৮ রানে পরাজিত হয় এবং ব্রিজবেনে ৯ উইকেট ১৪৮ রান করার পর জয়ের জন্য অস্ট্রেলিয়া ১২৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে চার উইকেটে জয় পায়।
 
ধোনি বলেন, আম্পায়ারদের ৫০ শতাংশ সিদ্ধান্ত ভারতের পক্ষে যায়নি এবং বিদেশের মাটিতে টেস্ট জয় থেকে খুব বেশি দূরে নয় তার দল। অবশ্য বিদেশের মাটিতে নিজেদের ২১ টেস্টে মাত্র একটি জয় রয়েছে ভারতের।
 

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই আমরা উন্নতির প্রমাণ দিয়েছি, তবে এখনো বাঁধা অতিক্রম করতে পারিনি। এটা করতে আমাদের আরো কিছুটা সময় দরকার। তবে একবার বাঁধা অতিক্রম করতে পারলে, একবার সঠিকভাবে আগ্রাসন শুরু করতে পারলে দেখবেন এই দলটির কাছ থেকে অনেক ভাল ফল আসবে।’