কারখানায় কর্মপরিবেশ (কমপ্লায়েন্স) প্রতিষ্ঠার ব্যর্থতাসহ নানা কারণে ৪৪৫টি সদস্য কারখানার সদস্যপদ বাতিল করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এ তালিকায় ঢাকা অঞ্চলে ৩৪১টি এবং চট্টগ্রাম অঞ্চলে রয়েছে ১০৪টি কারখানা। বিজিএমইএ’র বোর্ড সভায় এসব কারখানার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০০২ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ১ হাজার ৬৫৪টি কারখানার সদস্যপদ বাতিল করা হয়েছে।
বিজিএমইএ’র তালিকা থেকে এসব কারখানা বাতিল হওয়ার পর বর্তমানে সংগঠনটির সদস্য কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২২২টি। এর আগে বিজিএমইএ’র মোট সদস্য সংখ্যা ছিল ৫ হাজার ৮৭৬টি।
যোগাযোগ করা হলে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, কমপ্লায়েন্সের শর্তের প্রতিপালনের ব্যর্থতা ছাড়াও সময়মত চাঁদা পরিশোধ না করা এবং অন্যান্য ব্যর্থতাও রয়েছে। আবার কিছু কারখানা নিজে থেকেই বিজিএমইএ’র সদস্যপদ প্রত্যাহারের আবেদন করেছে। এর ফলে বর্তমানে বিজিএমইএ’র সদস্য চালু কারখানার সোয়া চার হাজারেরও কম। অর্থাত্ বিজিএমইএ’র সদস্য কারখানার সংখ্যা নিয়ে বিদ্যমান অস্পষ্টতা দূর হলো।