বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) অর্থায়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংকের কাছ থেকে সাত কোটি ডলার ঋণ পেয়েছে ব্র্যাক ব্যাংক। সিন্ডিকেটেড সুবিধার আওতায় ব্র্যাক ব্যাংক আগামী পাঁচ বছরের জন্য এসএমই ও কর্পোরেট উদ্যোক্তাদের জরুরি বাণিজ্যিক অর্থায়নে এই ঋণের অর্থ কাজে লাগাবে বলে মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (এফএমও) ঋণের অর্থ সংগ্রহে মুখ্য ভূমিকা পালন করেছে। মোট ঋণের মধ্যে এক কোটি ৩৭ লাখ ডলারের যোগান দিচ্ছে তারা।
এছাড়া এসিটিআইএএম ৩৮ লাখ ডলার, ওএফআইডি দেড় কোটি ডলার, ওইবি এক কোটি ডলার, বিআইও এক কোটি ডলার এবং রেসপনসঅ্যাবিলিটি ২৫ লাখ ডলার দিয়েছে। এর বাইরে প্রোপারকো আগামী বছর দেড় কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাত কোটি ডলার।