দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক পরিবহন মন্ত্রণালয় দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে শিক্ষিত মানুষ কাজ করেন। তারা আইন মানতে চান না।
গতকাল মঙ্গলবার রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদকে মামলা দীর্ঘদিন ঝুলে থাকা প্রসঙ্গে তিনি বলেন, সময়মত প্রমাণাদি না পাওয়ার কারণে মামলা ঝুলে থাকে। এছাড়া আইনী সীমাবদ্ধতার কারণেও মামলাগুলো ঝুলে থাকছে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রমুখ।