আগামি ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার জনসভাস্থল গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে লাগানো ব্যানার, ফেস্টুন মঙ্গলবার রাতে ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা: মাজহারুল আলম ইত্তেফাকের কাছে অভিযোগ করে বলেন, “আমাদের কর্মীরা রাতে ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে ব্যানার, ফেস্টুন লাগাতে থাকে। রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ধাওয়া করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এ সময় আমাদের নেতাকর্মীরা দৌড়ে আত্মরক্ষা করে। পরে হামলাকারীরা লাগানো ব্যানার, ফ্যান্টুন খুলে তাতে আগুন ধরিয়ে দেয়”। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন ঘটনা সম্পর্কে বলেন, “ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা মাঠের পাশ দিয়ে যাবার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের শব্দ পাইনি। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে”।