ভিয়েতনাম থেকে বহিষ্কৃত হলেন নকল কিম

ভিয়েতনাম কর্তৃপক্ষ তাদের দেশ থেকে কিমকে বহিষ্কার করেছে। তবে আসল নয়, নকল কিমকে। এই ব্যক্তি একজন অস্ট্রেলীয় কমেডিয়ান। তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নকল করে থাকেন। এই নকল কিমের নাম হাওয়ার্ড এক্স। তার চেহারাও অবিকল কিমের মতো।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসল কিম পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য। তার পৌঁছানোর আগেই নকল কিমকে বিদায় করেছে ভিয়েতনাম। অস্ট্রেলীয় এই কমেডিয়ান এরই মাঝে ভিয়েতনামে হইচই বাঁধিয়েছেন। তাকে নিয়ে গণমাধ্যমে কয়েকদিন ধরে খবর প্রকাশ হয়েছে। অস্ট্রেলিয়ান কমেডিয়ান নিজে কিম সেজে এবং সহচরকে ডোনাল্ড ট্রাম্প সাজিয়ে ভিয়েতনামে ব্যাপক আলোচনার সৃষ্টি করেন। গত শুক্রবার তিনি ভিয়েতনামের রাজধানীর রাস্তায় একটি শো করেছিলেন।

তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্মেলনের অভিনয় করেন। তাতে বিদ্রূপও ছিল। অস্ট্রেলিয়ান এই কমেডিয়ান নিজে সেজেছিলেন কিম জং উন, আর তার একজন সহচর রাসেল হোয়াইটকে ডোনাল্ড ট্রাম্প হিসেবে সাজিয়েছিলেন। তিনি যেমন কিমের মতো দেখতে, তেমনই তার সহচরও দেখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো। তার শো নিয়ে রাস্তায় অনেক লোকসমাগম হয় এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। গণমাধ্যমে ফলাও করে খবর প্রকাশ হয়। ফলে ক্ষুব্ধ হয় ভিয়েতনাম কর্তৃপক্ষ। তারা অস্ট্রেলিয়ান এই কমেডিয়ানকে তাদের দেশ থেকে বহিষ্কার করে। তবে তার সহচর যিনি ডোনাল্ড ট্রাম্প সেজেছিলেন, তার বিরুদ্ধে ভিয়েতনাম কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাকে ভিয়েতনামে থাকার অনুমতি দেওয়া হয়েছে। খবর বিবিসির

সোমবার ভিয়েতনাম বিমানবন্দর ছাড়ার আগে অস্ট্রেলিয়ান কমেডিয়ান হাওয়ার্ড এক্স সাংবাদিকদের বলেছেন, ‘উত্তর কোরিয়ানদের কোনো রসবোধ নেই। তারা জানে না, বিদ্রূপ যে কোনো ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র।’ তিনি আরও বলেন, ‘বাস্তবতা হচ্ছে, আমি কিম জং আনের মতো চেহারা নিয়ে জন্মেছি। এটাই কি আমার অপরাধ?’