চার ভুয়া ডিবি পুলিশকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকার মানুষ। গতকাল মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। এদের মধ্যে তোফাজ্জল নামের একজন রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। স্বপন নামে অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, মাদামবিবির হাট এলাকায় এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার সময় জনতা তোফাজ্জল, এনামুল হক, বেলায়েত হোসেন ও স্বপন নামের চার ছিনতাইকারীকে ধরে ফেলে। গণধোলাই দিয়ে এই চার ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহূত মাইক্রোবাসটিও (নাম্বার প্লেটবিহীন) পুড়িয়ে দেয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ইত্তেফাককে জানান, পুলিশের নাম দিয়ে কিছু চক্র গত কিছুদিন ধরে মহাসড়কে ছিনতাইসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ আসে। আমরা স্থানীয়দের এ বিষয়ে সতর্ক থাকার এবং কাউকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করার পরামর্শ দেই। কারণ কয়েকদিন আগেও ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রচণ্ড মারধর করে জয়বর্ধন নামে এক যুবকের সর্বস্ব ছিনিয়ে নেয়া হয়। জয়বর্ধনের ঘটনার সঙ্গে এই চারজন জড়িত ছিল বলে আমাদের ধারণা।