নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়াকে তেল সরবরাহ রুশ ট্যাংকারের

রাশিয়ার একটি তেলের ট্যাংকার চারবার উত্তর কোরিয়ার জাহাজে তেল সরবরাহ করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। রুশ ট্যাংকারেরই দুই ক্রু এই তথ্য ফাঁস করেছে।  রয়টার্সের কাছে নাম না প্রকাশ করার শর্তে তারা এই তথ্য ফাঁস করে। 

অক্টোবর ২০১৭ থেকে মে ২০১৮ এর মধ্যে চারবার উত্তর কোরিয়ার জাহাজে তেল সরবরাহ করা হয়। এ ধরনের কাজ কিম জং উনের কম্যুনিস্ট সরকারকে সহযোগিতা করেছে। তেলের ট্যাংকারের রুশ মালিক টেলিফোনে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। চারবারই দেখানো হয়েছে ট্যাংকারটি চীনের নিংবো বন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। যাত্রাপথে  উত্তর কোরিয়ার জাহাজগুলোকে তেল সরবরাহ করেছে রুশ ট্যাংকার।

কয়েকজন সমুদ্র পরিবহন বিশেষজ্ঞ বলেছেন তেল সরবরাহের সময় ট্যাকারটি হয়ত এমন জায়গায় অবস্থান নিয়েছে যেখানে ট্র্যকিং হয় না। ট্যাংকারের ক্রুরা জানান, রাতের বেলায় উত্তর কোরিয়ার চন মিয়ং-১ জাহাজে তেল সরবরাহ করা হয়। উত্তর কোরিয়াকে পরিশোধিত তেল সরবরাহের ব্যাপারে জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে। এ ধরনের তেল সরবরাহ উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করতে সাহায্য করেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ব্যাপারে বড় ধরনের রুশ প্রতারণার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র বহুবার। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে তথ্যপ্রমাণ আছে বলেও জানানো হয়েছে। কিন্তু রাশিয়া এসব অভিযোগের ভিত্তি নেই বলে দাবি করে আসছে।