ঝালকাঠির রাজাপুরের বিশ্বাস বাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া রাজাপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় পলাতক অজ্ঞাত চালককে প্রধান আসামি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টায় দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। রাত ১২টার পরে বরিশাল-খুলনা মহাসড়ক আবারো পুনরায় যান চলাচল শুরু হয়।
সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রাশেদুল হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটিকে আগামি ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সাথে কথা বলেন।
অপরদিকে রাজাপুর, ঝালকাঠি এবং বরিশাল হাসপাতালে চিকিত্সারত আহতদের অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
তদন্ত কমিটির প্রধান ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ রাশেদুল হাসান বলেন, ‘তদন্ত কমিটি সদস্যরা একত্রিত হয়ে আজ থেকেই কাজ শুরু করা হয়েছে। এ ব্যাপারে আহত, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে দুর্ঘটনার কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আহতদের যথাযথ চিকিত্সার ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।