গর্ভে মেয়ে সন্তান রয়েছে, আলট্রা-সনোগ্রামের মাধ্যমে এ কথা জেনে ক্ষিপ্ত হয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে-মুখে এসিড নিক্ষেপ করেছে পাষণ্ড স্বামী। মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে মঙ্গলবার ভোররাতে এ নারকীয় ঘটনা ঘটে। এসিড দগ্ধ লাকীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাকীর পরিবার জানিয়েছে, লাকীর গর্ভে মেয়ে সন্তান হবে জেনে স্বামী বিষ্ণু আচার্য সেই সন্তান নষ্ট করার জন্য স্ত্রীকে চাপ দেয়। লাকী তাতে রাজি না হওয়ায় স্বামীর সাথে কথাকাটাকাটি হয়। গভীর রাতে স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে বিষ্ণু। এসিডে লাকীর মুখমণ্ডল এবং শরীরের নিম্নাংশ ঝলসে গেছে। হাসপাতালে চিকিত্সাধীন লাকী জানান, গতকাল রাতে তার স্বামী কির্তন শুনে ঘরে আসে।
পরে দুজনেই শুয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় ভোর রাতে শরীরে জ্বালাপোড়া শুরু হলে তিনি চিত্কার করতে থাকেন। কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। পরে উপায়ন্তর না দেখে দৌড়ে খালার বাড়িতে চলে যান লাকী। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন বিষ্ণুকে আটক করে পুলিশে খবর দেয়। তবে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।