আবাসন শিল্পের বিকাশে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্রয়োজন

আবাসন শিল্পের বিকাশে এ খাতে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল প্রধানমন্ত্রীর কাছে চাইবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, ফ্ল্যাট বিক্রি পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। ক্রেতার অভাবে ১০ হাজার ফ্ল্যাট অবিক্রীত পড়ে আছে। এ অবস্থায় এ খাতের বিকাশে প্রণোদনা দেয়া জরুরি। এছাড়া ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে আয়ের উেসর ব্যাপারে যেন কেউ প্রশ্ন না করে এ নিয়ম চালু করা দরকার। মন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশে আবাসন খাতে ঋণের সুদ হার মাত্র ৩-৪ শতাংশ। অথচ বাংলাদেশে এ সুদ হার অনেক বেশি। আবাসন খাতের উন্নয়নে এ খাতে সুদ হার কমাতে হবে। ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আসবেন। তখন এ বিষয়গুলো তুলে ধরা হবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিহ্যাব সভাপতি আলমগীর সামসুল আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রবিউল হক এবং রিহ্যাবের সেক্রেটারি মো. ওয়াহিদুজ্জামানসহ আরও অনেকে।