পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর হোসেন (২৭) নামে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঈশ্বরদী উপজেলার সাডা ইউনিয়নের গকুলনগর এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর উপজেলার গকুলনগর এলাকার মনছের মালিথার ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে গকুলনগর গ্রামে রাজু সিনেমা হলের কাছে ৬/৭ জনের একটি দল যানবাহন থামিয়ে ছিনতাই করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। পুলিশও তাদের ওপর পাল্টা গুলিবর্ষণ করে। এতে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ সময় মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হন। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।