অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নামা নিয়ে ভারতের টপ অর্ডারের দুই ব্যাটসম্যান শেখর ধাওয়ান ও বিরাট কোহলির মধ্যে দ্বন্দ্বের খবর ইতিমধ্যেই জেনে গেছেন ক্রিকেট প্রেমিরা। এবার ধোনি যা বললেন তা রীতিমতো সাংঘাতিক, ‘ধাওয়ানকে ছুড়ি মেরেছিলেন কোহলি। পরে সুস্থ হয়ে উঠলে তাকে ব্যাটে পাঠানো হয়।’ খবরটা সত্যিই সাংঘাতিক হতো যদি ধোনি এর পরেই যোগ না করতেন এটা ‘জোক’।
ধোনি বলেছেন, ‘এই ধরনের খবরে ট্যাবলয়েড পত্রিকার কাটতি বাড়ে জানি। এ নিয়ে মার্ভেল আর ওয়ার্নার ছবিও তৈরি করতে পারে। এসব খবর কোথা থেকে যে পাওয়া যায়।’
ধোনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমাদের ড্রেসিং রুমের কেউ যদি এ ধরনের খবর বলে থাকে তা হলে তার নামটা বলুন। সত্যি বলছি, তার কল্পনার তারিফ করতে হয়। তার ড্রেসিং রুমে না থেকে সিনেমায় কাজ করা উচিত।’