পাকিস্তান বিশ্বকাপ দলে নিষিদ্ধ আজমল

 
নিষিদ্ধ ঘোষিত স্পিন জাদুকর সাঈদ আজমলকে ২০১৫ বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ সদস্যের পাকিস্তান দলে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। স্থানীয় গণমাধ্যমে বৃহস্পতির এ কথা প্রকাশিত হয়। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নির্বাচকরা আজমলকে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করেছেন। তবে অবৈধ বোলিং এ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি না পেলে তার পরিবর্তে অন্য কাউকে দলে নেয়া হবে- এমন শর্তেই তাকে দল ভুক্ত করা হয়েছে।
 
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) আনুষ্ঠানিক পরীক্ষা দেয়ার আগে আজমল এবং নিষিদ্ধ ঘোষিত অপর খেলোয়াড় মোহাম্মদ হাফিজ ভারতের চেন্নাইয়ে অনানুষ্ঠানিক পরীক্ষার সমুখীন হবে।
 
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, যদিও এখন পর্যন্ত পাকিস্তান ১৫ সদস্যেও আনুষ্ঠানিক দল ঘোষণা করা হয়নি। তবে আজমলের নিষিদ্ধাদেশ প্রত্যাহার না হলে তরুণ স্পিনার ইয়াসির শাহ অগ্রাধিকার পেতে পারেন।
আইসিসি’র কাছে আনুষ্ঠানিক পরীক্ষার ফলের উপরই নির্ভর করছে আজমলের ক্যারিয়ার। এবারকার পরীক্ষায় অবৈধ বোলিং এ্যাকশন থেকে মুক্তি না পেলে পুরো এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকতে হবে।
গত আগস্টে পাকিস্তান দলের শ্রীলংকা সফরে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন আজমল। এরপর দুসরা আবিষ্কারক সাকলাইন মুশতাকের সঙ্গে নিজের বোলিং এ্যাকশন নিয়ে বেশ কিছু দিন কাজ করেন তিনি। তারপর তাকে লন্ডন পাঠায় পিসিবি। সেখানে অনানুষ্ঠানিক পরীক্ষায় তার দুসরা বোলিংয়ে সমস্যা ধরা পড়ে।
তবে আরেকটি সূত্র জানিয়েছে, আজমলের দুসরা বোলিংয়ে এখনো কিছু সমস্যা রয়েছে এবং বিশ্বকাপ খেলার জন্য আজমল দুসরা বোলিং বাদ দিতে পারেন।