রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক একেএম শফিউল ইসলামের লিলন (৫০) হত্যার পর ফেসবুক পেজ খুলে দায় স্বীকার করে স্ট্যাটাস দেয়ার ঘটনায় পুলিশ বাদী মামলা হয়েছে। ঘটনার এক মাসেরও বেশি সময় পর মঙ্গলবার রাতে নগরীর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন বগুড়ার একটি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, বগুড়া শিবগঞ্জের ক্যাডেট মাদ্রাসার শিক্ষক ও জামায়াত কর্মী শরিফুল ইসলাম ও বগুড়া সদরের শিবির কর্মী রায়হানুল ইসলাম।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ১৫ নভেম্বর বিকালে বাসায় ফেরার পথে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন রাবি শিক্ষক অধ্যাপক শফিউল আলম। ওইদিন রাতে ফেইসবুক পেজ খুলে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামের হত্যার দায় স্বীকার করা হয়। তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে আব্দুর রহিম ঘটনার পর থেকেই পলাতক।