বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বর্তমানে খেলাপি ঋণ নিয়ে ব্যাংক সমালোচনা হচ্ছে। তবে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। দেশের অর্থনীতির অন্যান্য সূচকগুলোর অগ্রগতি তুলে ধরে গভর্নর বলেন, মাত্র কয়েকটি প্রতিষ্ঠানে বড় ধরনের খেলাপি ঋণের কারণেই সার্বিক খেলাপি ঋণের পরিমাণ বেশি মনে হয়। কিন্তু কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ (রাকাব) কয়েকটি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাদ দিলে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে দুই শতাংশের মতো। তাই খেলাপি ঋণ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। দুই দিন ব্যাপী ১৫তম জাতীয় পরিসংখ্যান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশ ব্যাংক গর্ভনর ড. আতিউর রহমান এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম এতে বিশেষ অতিথি ছিলেন। পরিসংখ্যান এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সহ সাধারণ সম্পাদক শামসুল আলম।