বগুড়ায় শর্টগান ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

বগুড়া সদর থানা পুলিশের অভিযানে দেশী শর্টগান ও ৩ রাউন্ড গুলিসহ শাকিল নামের এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। সে শহরের মাটিডালী উত্তরপাড়া এলাকার নবাব আলীর পুত্র। বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৭টার দিকে শহরতলীর মাটিডালীতে অবস্থিত স্বাস্থ্যসেবা হাসপাতালের পিছনের গড় (উঁচু স্থান) এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত)  নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত স্থানে  অভিযান চালায়। এ সময় সেখানে কয়েকজন সন্ত্রাসী বৈঠক করছিল । পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে । অন্যরা পালিয়ে গেলেও পুলিশ শাকিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাছে থাকা ১টি দেশীয় শর্টগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত শাকিলের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকায় চিহ্নিত সন্ত্রাসী ।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান জানান, এরআগে চলতি বছরের আগষ্ট মাসেও একটি পিস্তল সহ শাকিলকে গ্রেফতার করেছিল পুলিশ । সম্প্রতি সে জামিনে জেল হাজত থেকে মুক্ত হয়েছে । তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে ।