জীবননগরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মশিয়ার রহমান (২৮) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেদিনীপুর সীমান্তের হরিহরনগরের ভারতের ভাজনঘাট ফার্মের মাঠের কাছে এ ঘটনা ঘটে। নিহত মশিয়ারের লাশ এলাকাবাসী উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে।

গ্রামবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মশিয়ার রহমান গতকাল ভারতের ভাজনঘাট ফার্মের সন্নিকটের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। ওই এলাকা দিয়ে এসময় মাদক চোরাচালানীরা ফেনসিডিল নিয়ে তারকাটা পার হচ্ছিলো। ভারতের ১৭৩ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফের টহল দল চোরাচালানীদের ধাওয়া করে। বিএসএফের ধাওয়া খেয়ে মাদক চোরাচালানীরা তারকাটা পার হয়ে আসে এবং বিএসএফকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় ক্ষিপ্ত বিএসএফ গুলি চালালে মশিয়ার গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃৃত্যু হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, এ হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতে বিজিবির পক্ষ হতে পদক্ষেপ নেয়া হচ্ছে।