ময়মনসিংহের ভালুকার ভরাডোবা ইউনিয়নের টেক্সটাইল কারখানার দূষিত বর্জ্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মানববন্ধন, বিক্ষোভ ও উপজেলা পরিষদ ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্ত শতশত কৃষক ও কৃষাণি।
ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহ আলম তরফদারের নেতৃত্বে এ কর্মসূচি পালনকালে বিক্ষুব্ধ কৃষক-কৃষাণিরা ভালুকা উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করে। এসময় তারা সড়ক অবরোধ ও উপজেলা পরিষদ ঘেরাও করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে ঘেরাও কর্মসূচি স্থগিত করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বিক্ষুব্ধরা প্রশাসনকে ওই টেক্সটাইল মিলের দূষিত বর্জ্য বন্ধে এক মাসের আল্টিমেটাম দিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, দীর্ঘ প্রায় ৯ বছর যাবত টেক্সটাইলের দূষিত বর্জ্যের কারণে তাদের শত শত একর জমির ফসল বিনষ্ট হচ্ছে।