সোমবার ভোরে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে দুটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। তিন দিনের অব্যাহত ঝড়ে ভিজে দুবলারচরের চারটি শুঁটকি পল্লীতে প্রায় ১৫ কোটি টাকার শুঁটকি মাছ নষ্ট হয়েছে। ঝড়ে শতাধিক অস্থায়ী জেলে ঘর, মাছ শুকানোর মাচা উড়ে গেছে। মৌসুমের শেষ মুহূর্তে এমন বিপর্যয়ে চরম লোকসানে পড়েছেন শুঁটকি ব্যবসায়ী ও জেলেরা।
দুবলা ফিসারমেন গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন আহমেদ মুঠোফোনে দুবলা থেকে জানান, রবিবার থেকে শুরু হওয়া মৌসুমি ঝড় ও বৃষ্টিতে দুবলারচরের জেলেদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুঁটকি মাছ ভিজে নষ্ট হয়েছে। জেলেদের শতাধিক অস্থায়ী ঘর ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। সোমবার ভোরে ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরার নৌকা ডুবে যায়। পরে নৌকা দুটি ও জেলেদের উদ্ধার করা হয়।
দুবলা ফিসারমেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামিম জানান, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিতে দুবলারচরের শুঁটকি পল্লীতে প্রায় ১৫ কোটি টাকার শুঁটকি মাছ নষ্ট হয়েছে। এর মধ্যে আলোরকোল শুঁটকি পল্লীতে প্রায় ৭ কোটি, মাঝেরকেল্লা শুঁটকি পল্লীতে ৭০/৮০ লাখ, শ্যালারচর শুঁটকি পল্লীতে প্রায় ১ কোটি ও নারিকেলবাড়ীয়া শুঁটকি পল্লীতে প্রায় ৬ কোটি টাকার শুঁটকি মাছ ভিজে নষ্ট হয়েছে।
আলোরকোলের শুঁটকি ব্যবসায়ী সাতক্ষীরার আশাশুনির আ. রউফ মেম্বার জানান, ঝড়ে তার একটি নৌকা ডুবে প্রায় ১৪ লাখ টাকার জাল ও নোঙর সাগরে ভেসে গেছে। বৃষ্টিতে তাদের একেক জনের ৩/৪ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে।
জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, তিন দিনের অব্যাহত ঝড়-বৃষ্টিতে জেলেদের মাছ নষ্ট হওয়ায় চলতি মাসে তাদের কয়েক লক্ষাধিক টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা করা হচ্ছে।