১০ দফা দাবি গার্মেন্টস শ্রমিক টিইউসির

 
গার্মেন্টস শ্রমিকদের জন্য ১০ দফা দাবি তুলে ধরেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এসব দাবির মধ্যে রয়েছে এ খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি ও অবাধ ট্রেড ইউনিয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা, রেশনিং, বাসস্থান, চিকিত্সা, রানা প্লাজা ও তাজরীর ফ্যাশনের শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিত্সা ও পুর্নবাসন প্রদান এবং ছাটাই-নির্যাতন- দমননীতি বন্ধ করা।
শুক্রবার সংগঠনের জাতীয় সম্মেলন থেকে এসব দাবি তুলে ধরা হয়। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য দেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও উপদেষ্টা মনজুরুল আহসান খান প্রমুখ।
বক্তারা বলেন, শিল্প ও জাতীয় অর্থনীতির স্বার্থে গার্মেন্ট শ্রমিকদের ১০ দফা মেনে নিতে হবে। তারা এ খাতের শ্রমিকদের নানামুখী সমস্যা তুলে ধরে তাদেরকে ঐক্যবদ্ধ ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।
শ্রমিক নেতৃবৃন্দ রানা প্লাজা ও তাজরিনে ক্ষতিগ্রস্ত ও নিহত শ্রমিকদের দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে বলেন, দোষী তাজরিনের মালিককে গ্রেপ্তার করতে হবে। রানা প্লাজা, তাজরিনসহ সকল শ্রমিক হত্যাকাণ্ডের ন্যায্য বিচার ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। শ্রমিক ও শিল্পের উপর হামলাকারীদের চিহ্নিত করে বিচার করতে হবে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন প্রবীণ শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী, উপদেষ্টা কাফি রতন, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন ও শ্রমিক নেতা মাহবুব আলম প্রমুখ।