ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাকে মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়তে চান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মশিউর রহমান জোয়ার্দ্দার। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন লাভের পর তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। নির্বাচিত হয়ে উপজেলার সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র সাধারণ মানুষের কল্যাণে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান তিনি। এজন্য তিনি উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
মশিউর রহমান জোয়ার্দ্দার বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে হরিণাকুণ্ডুকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। উপজেলাকে মাদক ও দুর্নীতি মুক্ত করা হবে। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মই পারবে বিজয় ছিনিয়ে আনতে। উপজেলার সর্বস্তরের জনগণের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করবো আশা করি। আমি নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাবো। গ্রামের মানুষও পাবে শহরের নাগরিক সুবিধা।